গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর লোকজন হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নুর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হয়। প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিলু মুন্সীসহ কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণ করেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত আছেন।
0 Comments
Your Comment