তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে যাওয়া প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। পরে বিকেল তিনটার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়ক ছেড়ে যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, বিভিন্ন দাবি নিয়ে কিছু শিক্ষার্থী শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়েছিল। পরে তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী নুরুল আমিন বলেন, চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল পরিস্থিতির বিষয়টি বিবেচনায় না নিয়ে তাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং কোনো নির্দিষ্ট এলাকার জন্য ভিন্ন সিদ্ধান্ত না নেওয়ার দাবিও জানান তারা।
0 Comments
Your Comment