চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় মোহাম্মদ সিরাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আহমেদ কবীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জানান, নগরীর বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতা করি। এতে কমিশন হিসেবে টাকা পেয়ে থাকি। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে পরিচয় হয়। ওই সময় থেকে আহমেদ কবির আমার কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি তারা আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। তিনি জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক বাসার নিচে আটকে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news