চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর পড়ল কনটেইনার

চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ জেটিতে জাহাজ কনটেইনার নামানোর সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার (তার) ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (১৮ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। বন্দর সূত্রে জানা গেছে, কনটেইনারে করে আমদানি করা বড় গাছ নামানোর সময় কি গ্যান্ট্রি ক্রেনের তার ছিঁড়ে কনটেইনারটি নিচে রাখা একটি প্রাইম মুভারের উপর পড়েছে। এতে ক্রেন কনটেইনার ও লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কনটেইনারটি থেকে বেরিয়ে এসেছে গাছের গুঁড়ি। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের ৩ নম্বর বার্থে (সিসিটি-৩) কনটেইনার খালাসের সময় ঘটে যাওয়া একটি অপারেশনাল দুর্ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক নিরাপত্তা ও উদ্ধার পদক্ষেপ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 'চ্যাং হাই’ নামক জাহাজ থেকে গ্যান্ট্রি ক্রেন ৪ এর মাধ্যমে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানোর সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে কনটেইনারটি উক্ত ক্রেনের বিমের ওপর পড়ে যায়। এতে ক্রেন ও কনটেইনার উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সর্বোচ্চ বন্দর নিরাপত্তা প্রোটোকল তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির মূল কারণ উদঘাটনে চবক কর্তৃক অবিলম্বে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদ অপসারণ এবং ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল থেকে ক্রেনের মেরামত কাজ শুরু হবে। বন্দর সচিব আরও জানান, বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে, সিসিটি-০৩ এর নির্দিষ্ট স্পটটি ব্যতীত বন্দরের অন্যান্য সকল বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news