নরসিংদীর ঘোড়াশালে চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে অবস্থান করছিলেন সজিব সরকার। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এতে ট্রেনের ছয় নম্বর বগির ছাদে থাকা সজিব গুরুতর আহত হন। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ির পুলিশ ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে নামায়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রেনের ছাদে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তার বুকের অংশ ও পরনের জামাকাপড় পুড়ে গিয়েছিল। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
0 Comments
Your Comment