জেল থেকে বের হওয়ার দুই ঘণ্টার মধ্যে মাদক কারবারিদের হামলায় যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেল থেকে মুক্তি পাওয়ার দুই ঘণ্টা পর ইমন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর মিস্ত্রীবাগ এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমন মাসদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়াম ও কমলা বেগমের বড় ছেলে। এদিন রাতে নারায়ণগঞ্জ কারাগার থেকে একটি মামলায় জামিনে মুক্তি পেয়ে বাসায় গিয়েছিল তিনি। ওমর খৈয়াম জানান, তার দুই ছেলের মধ্যে ইমন বড়, আল আমিন ছোট। ইমন বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন পাশাপাশি এলাকার মাদক ব্যবসায়ীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেন। দেড় মাস আগে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ইমনও গ্রেপ্তার হয়েছিলেন। সেই মামলায় রাত সাড়ে ৭টায় জামিনে ইমনকে কারাগার থেকে মুক্ত করে বাসায় নিয়ে আসি। বাসায় এসে খাওয়া-দাওয়া করে পরিবারের সবার সঙ্গে কথা বলছিল। তখন রাত সাড়ে ৮টা বাজে। মাদক ব্যবসায়ী ফেরদৌস তাকে বাসা থেকে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি, ফেরদৌস ইমনকে নিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ ও তার বাহিনীর চক্ষু হৃদয়, চশমা সাব্বিরের হাতে তুলে দেয়। তারা ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোর্সসহ ঘটনাস্থলে এসেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

0 Comments

Your Comment