ট্রেনের বগি থেকে উদ্ধারকৃত অসুস্থ ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া তছলিম উদ্দিন (৮২) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত তছলিম উদ্দিন সাঘাটা উপজেলার খামার ধনারুহা এলাকার মৃত কিশমত শেখের ছেলে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার এসআই দেলোয়ার হোসেন। এর আগে, শনিবার রাত ১০টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে ট্রেনের বগি থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা একটি ট্রেন বোনারপাড়া রেলস্টেশনে পৌঁছালে যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটির বগি তল্লাশি করতে যায় বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। এ সময় ট্রেনের একটি বগিতে তছলিম উদ্দিনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। এসআই দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় বগি তল্লাশি করতে গিয়ে তছলিম উদ্দিনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান। তিনি আরও জানান, নিহত তছলিম উদ্দিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news