ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে গিয়ে দালালদের হামলার শিকার নারী

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গুর সিবিসি পরীক্ষা হয় কি না জানতে গিয়ে দালালদের হামলায় কানিজা আফরোজ (৪০) নামে এক নারী আহত হয়েছেন। বুধবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আহত কানিজার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। একই ঘটনায় তার ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।


কানিজা আফরোজ জানান, ছেলের ডেঙ্গু পরীক্ষা করাতে তিনি হাসপাতালের বহির্বিভাগে গিয়ে সিবিসি পরীক্ষা হয় কি না জানতে চান। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে গালিগালাজ করেন এবং পরীক্ষার জন্য পাশের একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাপ দেন। তিনি সেখানে যেতে না চাইলে ওই ব্যক্তিরা তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, ‘আমি শুধু জানতে চেয়েছিলাম এখানে সিবিসি পরীক্ষা হয় কি না। এরপর কয়েকজন আমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চান। আমি বলি, আগে তথ্যটা জেনে নিই। তখন তারা বলে, এখানে পরীক্ষা হয় না, ক্লিনিকে যেতে হবে। আমি যেতে না চাইলে আমাকে মারধর করা হয়। এ সময় আমার ছেলেকেও মারধর করা হয়।’


পরে স্থানীয়রা আহত কানিজাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয়।


হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, ‘সেখানে হাসপাতালের কোনো কর্মচারী না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় দালালদের সঙ্গে এমনটি ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছে।’


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news