নগরীর বুকে ঐতিহ্যের উৎসব
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের আমেজে গতকাল মুখর হয়ে উঠেছিল রাজধানীর হাতিরঝিল। বর্ণিল এ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান নানা বয়সি দর্শনার্থীরা। ঐতিহ্যের সঙ্গে উৎসবের এ আয়োজন বর্ণাঢ্য করে তোলে রাজধানীর নয়নাভিরাম হাতিরঝিলকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকালে এ নৌকাবাইচের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। এগুলোর নাম ছিল পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ। বিকাল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে পুনরায় পুলিশ প্লাজায় ফিরে আসে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি নৌকাকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়। দুই গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী চারটি নৌকাকে পুরস্কৃত করা হয়।
নৌকাবাইচ ঘিরে হাতিরঝিল এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিরই অংশ এই নৌকাবাইচ। গ্রামবাংলার ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যেই হাতিরঝিলে এই আয়োজন করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।