দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। চাপাপড়া শ্রমিকদের মধ্যে সাতজন নিহত ও ৬ জন আহত হন। নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, ফজলুর রহমানের ছেলে সালেক, বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন, রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। আমরা ট্রাকের নিচ থেকে ৭ জনের মরদের উদ্ধার করি। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক বা হেল্পার কাউকে আটক করা সম্ভব হয়নি। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আমরা রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং ট্রাকের নিচ থেকে ৭টি মরদেহ উদ্ধার করি এবং আরও ৬ জনকে জীবিত উদ্ধার করি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news