বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই তালিকায় ১৫২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ভারতের দিল্লি ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতার বায়ুমান স্কোর ১৫৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআইকে ‘ভালো’ বা ‘অনেক ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা। এর সঙ্গে শহরের ক্রমবর্ধমান নির্মাণকাজ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমও বায়ুদূষণের মাত্রা বাড়াতে ভূমিকা রাখছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি ও মৃত্যুহার বাড়ছে। বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
0 Comments
Your Comment