নতুন বাইক কেনার আনন্দ নিয়ে বাড়ি ফিরছিলেন ২ বন্ধু, পথেই মৃত্যু

নতুন বাইক। চোখজুড়ে ছিল স্বপ্ন। আনন্দ নিয়ে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। কিন্তু সেই আনন্দযাত্রাই হয়ে গেল জীবনের শেষ পথচলা! চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে দু’জনের। নিহতদের একজন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তানাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার বাসিন্দা শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। নিহত আব্দুল্লাহ আল ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ও তার বন্ধু শুভ স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাতে শুভ ও ওমর একসঙ্গে বারইয়ারহাট বাজারে যান নতুন মোটরসাইকেল কিনতে। মোটরসাইকেল কেনার পর সেটি নিয়ে বাড়ির পথে রওনা হন তারা। বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই বন্ধু। পরে তাদের উদ্ধারের উদ্যোগ নেয়া হয়। ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত ওমরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শুভর ভাই ইমান হোসেন ফরহাদ এবং ওমরের মামা সাইদুল ইসলাম শাহী জানান, শুভ ও ওমর পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নতুন মোটরসাইকেল কেনার জন্য শুক্রবার দুজন একসঙ্গে বারইয়ারহাটে গিয়েছিলেন। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news