নববধু বরণ করা হলো না সোনা মিয়ার, বাড়ীতে শোকের মাতম!
মাস দেড়েক আগে সম্পন্ন হয় বিয়ে। কথা ছিলো অগ্রহায়নের ১৫ তারিখ নববধূকে ঘরে তোলার। বিভোর ছিলেন ঘর বাঁধার রঙিন স্বপ্নে। তৈরি করেছিলেন ইটের গাঁথুনির নতুন ঘরও। নববধূকে ঘরে তোলার আগেই মুছে যায় সেই সপ্ন। দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হন টগবগে যুবক সোনা মিয়া। ভেস্তে যায় নতুন সংসারের সব আয়োজন। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মান্দাবাজ গ্রামের।
সরেজমিন সোনা মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে শোকের আবহ। ভেতর বাড়ি থেকে ভেসে আসছে ছেলে হারা মায়ের করুণ আর্তনাদ। নতুন সংসারের জন্য তৈরি ঘরটি পড়ে আছে নি:সঙ্গ। যে ঘরে নববধূকে বরণ করার কথা, সেই ঘরেই এখন স্বজনদের কান্না।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় মাস আগে নিজ মামাতো বোনের সঙ্গে বিয়ে হয় সোনা মিয়ার। নববধূকে আপাতত রাখা হয়েছিলো শ্বশুরবাড়িতে। প্রস্তুতি চলছিলো অগ্রহায়ণের ১৫ তারিখ তাকে ঘরে তোলার।
নিহতের ছোটভাই মো. মাসুম মিয়া অভিযোগ করেন, তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে তা থামাতে এগিয়ে যান তার ভাই। এসময় দিঘলি দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী, হেলেন চক্রবর্তী, যাদব ও কমলেশসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ভাইকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর তার মৃত্যু হয়। তিনি এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
ছেলে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা দিলারা বেগম। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে ছেলেকে বিয়ে করিয়েছিলাম। কিন্তু পুত্রবধূ ঘরে আনার আগেই তারা আমার বুকের মানিক কেড়ে নিল। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, সামান্য সড়ক দুর্ঘটনা নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর বিকেলে দিঘলি দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী গং ও পার্শ্ববর্তী মান্দাবাজ গ্রামের রুবেল মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। রিকশায় করে লাকড়ি নিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।
নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষের খবর শুনে তা থামাতে গিয়ে মাথায় আঘাত পান সোনা মিয়া। পরে ১২ নভেম্বর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই রাজা মিয়া বিশ্বনাথ থানায় হত্যা মামলা দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।