বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামে এক রোগীরমৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলার উত্তর ব্লকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সুলাইমান হোসেনের স্ত্রী।
জানা গেছে, মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে গত ১২ অক্টোবর শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি হন শিরিন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। স্ট্রোকের পর থেকে তিনি কিছুটা মানসিক অসুস্থতায়ও ভুগছিলেন।
নিহতের স্বামী সুলাইমান হোসেন জানান, শনিবার রাতে স্ত্রীকে ওয়ার্ডে রেখে তিনি নামাজ পড়তে যান। এ সময় হাসপাতালের ছয়তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, কীভাবে ওই রোগী ছয়তলা থেকে নিচে পড়ে গেলেন, তা জানতে পুলিশ তদন্ত করছে। তবে প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।