নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

পাবনার দোগাছি ইউনিয়নে নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামের এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে নিজ বাড়ির অদূরে একটি ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।


নিহত কলি পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়িতে ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের হাতে ধরিয়ে দিয়ে খেলার জন্য ঘরের বাইরে বের হয় সে। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ২০০ গজ দূরে কেবল তার পায়ের স্যান্ডেল জোড়া পড়ে থাকতে দেখা যায়।


সম্ভাব্য সব স্থানে সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্বজনরা বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো ছাড়াও গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে মানববন্ধন করেন।


অবশেষে নিখোঁজের সাত দিন পর বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি শিশু কলির বলে শনাক্ত করেন তার স্বজনরা।


কলির বাবা কামাল প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে আমার মেয়েটি নিখোঁজ হয়। আমার এত বড় সর্বনাশ কেন করল, আমি তো কখনো কারও ক্ষতি করিনি। আমার নিষ্পাপ মেয়েকে এভাবে হত্যা করল, আমি তাদের বিচার চাই।


এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে। নির্মম এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news