নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রী আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থানকালে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে আলিনুরের সাথে রাজিবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজিব ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments
Your Comment