পেস্ট গলাতেই বের হলো ২৪ ক্যারেট স্বর্ণ, পকেটে আবার ৩৫ পিস অলংকার: শাহ আমানতে যাত্রী আটক

ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো স্বর্ণসদৃশ পেস্ট। প্যান্টের পকেটে আবার ৩৫ পিস স্বর্ণালংকার। সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত বেরিয়ে এলো ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড। এভাবে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


জানা যায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইট OV 0401-এ যাত্রী হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোহাম্মদ হাসান মুরাদ। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিআইআইডি টিম, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তাঁর ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।


তল্লাশির একপর্যায়ে তাঁর ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পেস্ট আকারের স্বর্ণসদৃশ বস্তু পাওয়া যায়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে প্রক্রিয়াকরণের পর ওই পেস্ট থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়।


তবে ব্যাগেই শেষ হয়নি। দেহ তল্লাশির সময় তাঁর প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫ পিস বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটক স্বর্ণের মোট ওজন দাঁড়ায় ৫৩১ গ্রাম।


কাস্টমস গোয়েন্দা জানায়, আটক স্বর্ণের শুল্ক ও করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।


বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।


স্বর্ণ চোরাচালানের সঙ্গে আর কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, স্বর্ণের উৎস ও গন্তব্য এবং এর নেপথ্যে কারা জড়িত, তা অনুসন্ধান করে দেখবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news