প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট; ৯৯৯-এ ফোনে উদ্ধার দুই নারী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ সময় ঘরে থাকা দুই নারী কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। বুধবার ভোরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা প্রথমে আশপাশের কয়েকটি ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে কেউ এগিয়ে এসে বাধা দিতে না পারে। পরে গ্রাইন্ডার মেশিন দিয়ে বসতঘরের দরজা-জানালা কেটে ঘরে প্রবেশ করে তারা। এ সময় প্রবাসীর মা রেনু আক্তার ও স্ত্রী বাধা দিলে হামলাকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণভয়ে তারা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে কৌশলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। ভুক্তভোগী রেনু আক্তার বলেন, সন্ত্রাসীরা আমাদের মোবাইল কেড়ে নেয় এবং আশপাশের ঘরগুলো তালাবদ্ধ করে দেয়। পরে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘরের ইটের দেয়ালও ভেঙে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news