ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে রংপুরে এসেছিলেন এক যুবক। তবে শেষ পর্যন্ত প্রিয় মানুষটির দেখা না পেয়ে হতাশ হয়েই ফিরে যেতে হয়েছে তাকে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই চীনা নাগরিককে দেখতে পান শিক্ষার্থীরা। তিনি সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু যার জন্য এত দূর থেকে আসা- সেই প্রেমিকার সঙ্গে যোগাযোগই করতে পারেননি।
শিক্ষার্থীদের কাছে ওই যুবক জানান, সামিয়া নামে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই তিনি সরাসরি রংপুরে চলে আসেন। কিন্তু এখানে এসে দেখেন- মেয়েটির মোবাইল ফোন বন্ধ। বহু চেষ্টা করেও কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাটি নজরে এলে স্থানীয় পুলিশ এগিয়ে আসে। তাজহাট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, চীনা যুবকটিকে নিরাপত্তার স্বার্থে রাতে নিরাপদ স্থানে রাখা হয়। পরদিন বুধবার সকালে তিনি রংপুর ছেড়ে চলে যান।
পুলিশ জানায়, ওই তরুণী সত্যিই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভালোবাসার টানে দূরদেশ থেকে আসা, আর শেষমেশ না পেয়ে ফিরে যাওয়া- একটি অসমাপ্ত গল্প হয়ে রইল।
0 Comments
Your Comment