বাংলাদেশ-ভারত বন্যা তথ্য আদান-প্রদান অব্যাহত, তিন বিভাগে বন্যা সতর্কতা

ভারী মৌসুমী বৃষ্টির কারণে প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে বন্যার সতর্কতা জারি করেছে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিচু এলাকাগুলো স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হতে পারে। বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোর আওতায় ভারত বাংলাদেশকে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) বন্যা-সম্পর্কিত তথ্য প্রদান অব্যাহত রেখেছে। এমন একটি সময়ে যখন সময়োপযোগী হাইড্রোলজিক্যাল (জলবায়ু ও পানি বিষয়ক) উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এই রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান বন্যার পূর্বাভাস উন্নত করতে এবং বন্যা-প্রবণ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সুরক্ষায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংস্থাটি জানায়, বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতা বজায় রেখে আসছে। এই ব্যবস্থার অধীনে, ভারত বাংলাদেশকে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং অন্যান্য বেশ কয়েকটি যৌথ নদীর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্টেশন থেকে নদীর পানির স্তর, পানি প্রবাহের হার (ডিসচার্জ রেট), বৃষ্টির ধরণ এবং পূর্বাভাসের মূল্যায়ন সংক্রান্ত তথ্য সরবরাহ করে থাকে। এই উপাত্তগুলো নদীর পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়ন, সময়োপযোগী সতর্কবার্তা জারি এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবহার করা যেতে পারে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news