বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০ দোকান ও বসতবাড়ি ভস্মীভূত

বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ও বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার (১৭ মে) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের দক্ষিণ দিকের শেষ মাথায় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বাজারের বেশিরভাগ দোকান বাঁশ ও কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনুরূপ এক অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও দু’টি বসতবাড়ি পুড়ে যায়। এই ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার নিঃস্ব হলেন এই বাজারের ব্যবসায়ীরা।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news