বাবার সামনে থেকে মেয়েকে ছিনতাই, ৯ দিন পর মিলল সন্ধান

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লামীন ইসলাম (১৯), গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকার বাসিন্দা। এর আগে গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার ৯ দিনের মাথায় তাকে উদ্ধার করা হলো। ভুক্তভোগীর বাবা মামলার এজাহারে জানান, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন জোর করে তার মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news