জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১২৮, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সর্বশেষ সূচকে এ তথ্য উঠে এসেছে। তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির একিউআই স্কোর ২৬৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১।
তৃতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা (১৬৫) এবং চতুর্থ স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৫১)। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ১৩৪। ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যেখানে একিউআই ১৩২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০-কে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞদের মতে, খুব অস্বাস্থ্যকর বায়ুমানের সময় শিশু, বয়স্ক এবং শ্বাসযন্ত্র বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখা উচিত। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।
0 Comments
Your Comment