বিনা সিজারে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। শনিবার সকালে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে তিন নবজাতকের জন্ম হয়। মা ও তিন সন্তানই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তানিয়া খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ সেখের মেয়ে। প্রসবের আগে পরীক্ষা-নিরীক্ষা করে সিনিয়র নার্স মর্জিনা খাতুন জানান, তাঁর স্বাভাবিক প্রসবের সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে পরপর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তানিয়া খাতুনের স্বামী মো. ওবায়দুল্লাহ রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। এই দম্পতির আগে একটি কন্যাসন্তান রয়েছে। একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হওয়ায় পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল বলেন, ‘স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ আছেন। তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news