সিলেটের বিশ্বনাথে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে তারাবির নামাজের পর উপজেলার দৌলতপুর ইউনিয়নের আনরপুর ও দশপাইকা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মিনি ফুটবল খেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার স্থানীয় বাজারে দশপাইকা গ্রামের নিজাম উদ্দিনের ওপর হামলা চালান আনরপুর গ্রামের কয়েকজন। এ সময় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে একাধিক মধ্যস্থতাকারীও আহত হন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আরব খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments
Your Comment