বিষের বোতল হাতে বিয়ের দাবিতে অবস্থান, অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়ে

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক। তবে বিয়ে না হওয়ায় বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন এক তরুণী। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে অবশেষে উভয় পরিবারের সম্মতিতে প্রেমিকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরবপ্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই তরুণী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহতাব উদ্দিন সওদাগর। ইউপি সদস্য ও স্থানীয়রা জানান, একই গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে সুরভি আক্তারের দীর্ঘ প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। সপ্তাহখানেক আগে রায়হান সৌদি আরব থেকে বাড়িতে আসেন। এরপরও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় শুক্রবার রাতে সুরভি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে গিয়ে অবস্থান নেন। এ সময় তার হাতে বিষের বোতল ছিল বলে স্থানীয়রা জানান। ঘটনাটি জানাজানি হলে রায়হানের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার পাশাপাশি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। একপর্যায়ে শনিবার দুপুরে উভয় পরিবারের সম্মতিতে সুরভি আক্তার ও রাশেদুল ইসলাম রায়হানের বিয়ে সম্পন্ন হয়। ইউপি সদস্য মাহতাব উদ্দিন সওদাগর বলেন, ‘দীর্ঘদিনের সম্পর্কের পরও বিয়ে না করায় সুরভি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নেন। পরে উভয় পরিবারের সম্মতিতে শনিবার দুপুর ১২টার দিকে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news