বগুড়ার সদর উপজেলার বিয়ের অনুষ্ঠানে গেটে বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ সময় স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে কনেপক্ষ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদরের তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান চলাকালে বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এসময় বরপক্ষ অভিযোগ করেন, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। স্বর্ণের চেইন ও ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে। একইসাথে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
অন্যদিকে, কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালায়। তারা ছিনতাইয়ের অভিযোগও অস্বীকার করেছে।
বগুড়া সদর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, বিয়েবাড়িতে গেটে বকশিশ নিয়ে সংঘর্ষের ঘটনায়
থানায় অভিযোগ করেছে বরপক্ষ। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আর জানান, বিয়ে বাড়িতে গেটে বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হারানোর কথা বলা হচ্ছে।
0 Comments
Your Comment