বৃষ্টিতেই দেবে গেল সরমংলা খাড়ির ওয়াকওয়ে

নির্মাণের এক বছর না যেতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়ি এলাকার ইকো পার্কের একটি ওয়াকওয়ে দেবে গেছে। বৃষ্টিতে প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সরমংলা খাড়ি এলাকাকে ইকো পার্ক হিসেবে গড়ে তুলেছে। পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে খাড়িতে ফেলার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য প্রায় এক বছর আগে খাড়ির পাশে গাইডওয়াল ও টাইলস বসানো ওয়াকওয়ে নির্মাণ করা হয়। সম্প্রতি বৃষ্টির কারণে গাইডওয়ালের একটি অংশ ধসে খাড়ির দিকে হেলে পড়ে। এতে সংযুক্ত ওয়াকওয়েও দেবে যায়। ক্ষতিগ্রস্ত অংশের আশপাশেও ফাটল দেখা দিয়েছে। সরেজমিন দেখা যায়, ধসে পড়া অংশে কংক্রিট ও ইটের গাঁথুনি ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার, পর্যাপ্ত মাটি পরীক্ষা ও টেকসই প্রতিরোধব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই এ ক্ষতি হয়েছে। বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সরকারি প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘ওয়াকওয়ে ও গাইডওয়াল নির্মাণের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে অন্য প্রকল্পের ঠিকাদারকে দিয়ে কাজটি করানো হয়েছিল। বৃষ্টিতে প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারের জামানত এখনো আমাদের কাছে আছে। তাকে দিয়েই সংস্কারকাজ করানো হবে।’

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news