কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের সীমানায় স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে। এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে।
সংঘর্ষের সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
0 Comments
Your Comment