রাজধানীর মগবাজারে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরপরও ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে শুধু ধোঁয়া দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন ২১৭ ও ২১৭/এ, আউটার সার্কুলার রোড, মগবাজারের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ঘটনাস্থলে হাতিরঝিল থানা পুলিশ উপস্থিত রয়েছে। আগুন দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমেছে। নিরাপত্তার কারণে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
0 Comments
Your Comment