কুমিল্লায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। দা দিয়ে মাথায় কোপ মেরে তাকে হত্যা করা হয়। নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। আটক রামিম বালুধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ছেলে রামিম দা দিয়ে তার মা রেহানা বেগমের (৫৫) মাথায় আঘাত করেন। রেহানার চিৎকারে আশপাশের মানুষ এসে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের ওপর অত্যাচার করতো। রাত থেকেই মাদকের টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করছিল। সকালে দা দিয়ে সে তার মায়ের মাথায় কোপ দেয়। হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ রামিম ইসলামকে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে আটক করে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, চিকিৎসার জন্য রেহানা বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আসামিকে আটক করা হয়েছে।
0 Comments
Your Comment