রাজধানীর কদমতলীর রায়েরবাগে একটি মাদ্রাসার বাথরুম থেকে নাঈম ইসলাম (১২) নামে হেফজ বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঈমের বাবা শেখ বাবু পেশায় রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মোশন গ্রামে। কদমতলীর রায়েরবাগের জোড়া খাম্বার রওজাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসায় থেকে পড়াশোনা করত নাঈম। তার বাবা-মা থাকতেন ধোলাইপাড়ের মুরাদপুরে। দুই ভাইয়ের মধ্যে নাঈম বড়। কদমতলী থানার এসআই আমজাদ হোসেন জানান, গতকাল দুপুর দেড়টায় মাদ্রাসার তৃতীয় তলার একটি বাথরুমে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কর্তৃপক্ষ। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিকাল সাড়ে ৪টায় অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
0 Comments
Your Comment