মেয়ে সুমনা বেগমের মৃত্যুর ঘটনায় পুনঃময়নাতদন্ত, নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মোমিন গাজী।
শনিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান।
মোমিন গাজী বলেন, ২০১৮ সালে যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার জসিম মোল্যার সঙ্গে তার মেয়ে সুমনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের সদস্যরা সুমনার ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
তার অভিযোগ, গত ২৯ এপ্রিল গভীর রাতে সুমনাকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আদালতে মামলা করলেও নিরক্ষর হওয়ায় অভিযোগ সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। সেই সুযোগে অভিযুক্তরা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। এতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মোমিন গাজী অভিযোগ করেন, মামলার আসামিরা বর্তমানে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তিনি ঘটনার পুনঃময়নাতদন্ত, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
0 Comments
Your Comment