গাজীপুরের শ্রীপুরে মেয়ের সঙ্গে স্বামীর ঝগড়া মেটাতে এসেছিলেন বাবা। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ের স্বামীর (জামাতা) লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামের সাহাবউদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুরের সলিং মোড় এলাকায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযুক্ত ফিরোজ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ঘটনার পর তিনি ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো৷ শনিবার রাতে স্ত্রীর সঙ্গে ফিরোজের ঝগড়া হয়। বিষয়টি জানতে মেয়ের বাড়িতে যান হাফিজ উদ্দিন। এ সময় ঝগড়ার বিষয়ে জানতে মেয়ের স্বামী ফিরোজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজ বাঁশের লাঠি দিয়ে শ্বশুরকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাজে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
0 Comments
Your Comment