রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

রংপুরে নিজের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সূচনা ঘোষ ও তার ছেলে জয়দেব ঘোষ। পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের ছেলেসন্তান জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। ওই গৃহবধূর পূজা ঘোষ নামের আরেক মেয়ের বিয়ে হয়েছে। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানী। স্বামী শঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসাও দেয়া হয়েছে। তার ধারণা মানসিক অবসাদগ্রস্ততা থেকেই ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। অন্যদিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব-অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news