রাজধানীর নদ্দায় এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নদ্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। এ ছাড়া ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 Comments
Your Comment