রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় গভীর রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও একদল তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এসময় একটি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ক্ষুব্ধ এলাকাবাসী চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কৈচুয়াতৈল এলাকার বাসিন্দা অনিক কেষ্টগঞ্জ বাজার এলাকায় উচ্চশব্দে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এতে স্থানীয়রা বাধা দিলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে অনিক তার কয়েকজন সহযোগীকে নিয়ে এসে স্থানীয় সাব্বির ও সোহেলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অনিক ও তার সহযোগীদের ব্যবহৃত চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে অনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে স্থানীয় পাঁচজন ও হামলাকারী পক্ষের দুইজন রয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাদের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত স্থানীয় ব্যক্তিরা হলেন- কেষ্টগঞ্জ এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে মো. কামাল উদ্দিন (৬০) ও মো. মুস্তাকিম হোসেন (৪০), রানা মিয়ার ছেলে মো. রাজা আলম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হোসেন (২৩) এবং মো. সিয়াম হোসেন (২০)। হামলাকারী দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করেছে। চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, পলাতক মূল অভিযুক্ত অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments
Your Comment