রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস: ২ জনের মরদেহ উদ্ধার, বহু শিশু আটকা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি মহিলা মাদ্রাসা মাটিচাপা পড়ে বহু সংখ্যক ছাত্রী আটকা পড়েছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে (৮ জুলাই) ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি জানান, এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ জন শিশু আটকা পড়ে। স্থানীয় কমিউনিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালিয়ে এখন পর্যন্ত সাত শিশুকে জীবিত উদ্ধার করেছেন। তবে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে ৩ থেকে ৪ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে, সোমবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিজনিত পাহাড়ধসে নারী-পুরুষসহ ৮ জন নিহত হন।

0 Comments

Your Comment