শেরপুর সদর উপজেলার রামেরচর উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শিক্ষকদের একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরে দুটি দাবিতে সম্মতি দেওয়ার পর শিক্ষকদের ছেড়ে দেন তারা। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৭৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২১ জন পাস করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাস করা ২১ জনের কেউই স্থানীয় শিক্ষার্থী নয়, তারা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। ফল প্রকাশের পর ফেল করা শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা শিক্ষকদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধদের দাবিগুলো ছিল-ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) খরচ শিক্ষকদের বহন করতে হবে এবং ২০২৭ সালে ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের খরচও শিক্ষকরা দেবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, শিক্ষকরা পাঠদানে কোনো গাফিলতি করেননি। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা না করায় ফল খারাপ হয়েছে। দুটি দাবি মেনে নেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।
0 Comments
Your Comment