ধর্ষণ, শিশু হত্যা ও হামে ৫ শতাধিক শিশু মৃত্যুর প্রতিবাদে সূত্রাপুরের লোহারপুল মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সূত্রাপুর থানা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকালে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অন্যতম নেতা কমরেড জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক তনিমা নাহার সোমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রীজম ফকির প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিচারবিভাগের দীর্ঘসূত্রতা ন্যায়বিচারের পরিপন্থী। এ কারণে বিচারহীনতার অপসংস্কৃতি তৈরি হয়েছে। শিশু ধর্ষণ, হত্যা, নিপীড়ন ও সহিংসতা বন্ধ করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ধরনের হত্যাকাণ্ড এবং নির্যাতনের শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা এবং বিতরণ না করার কারণে পাঁচ শতাধিক শিশু হত্যার দায়ে ড. ইউনূস, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
0 Comments
Your Comment