ঢাকার আশুলিয়ায় শ্বশুরবাড়িতে না জানিয়ে স্ত্রী আমেনা বেগমকে দাফনের অভিযোগে অলিউল্লাহ ওরফে শহিদ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে নিহতের বোন রুবিনা বেগম মামলাটি করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা আছে কি না তা সাত দিনের মধ্যে জানাতে আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, আশুলিয়ার জিরাবোতে ‘আমার স্পিনিং মিলস লিমিটেড’-এ চাকরি করতেন আমেনা ও শহিদ। ২০২৪ সালের শেষের দিকে তারা বিয়ে করেন। মার্চ থেকে আমেনার সঙ্গে তার পরিবারের যোগাযোগ ছিল না। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর আমেনার নতুন বাসার ঠিকানা খুঁজে পান তার বোন নুরজাহান। সেখানে গিয়ে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারেন, ২৬ মার্চ আমেনা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এরপর থেকে শহিদ পলাতক। ঘটনার পর পুলিশ আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শিমুলতলার দরগারপাড় কবরস্থানে লাশ দাফন করে এবং একটি অপমৃত্যুর মামলা করে। পরে আমেনার পরিবার আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারেন, শহিদ প্রায়ই আমেনাকে মারধর করতেন। ঘটনার দিনেও মারধর করেন। আমেনার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল স্বামী শহিদ।
0 Comments
Your Comment