সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন একটি ভবনে দুই সহকর্মীর মারামারি থামাতে গিয়ে মো. সাকিব (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদীনগরের রব টাওয়ার এলাকার ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মো. মুনসুর জানান, সকালে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় সাকিব তাদের থামানোর চেষ্টা করে বলেন, ‘মারামারি না করে কাজ করুন।’ এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই শ্রমিক সাকিবকে মারধর করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাকিবের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেকে। তার বাবার নাম সাইফুল ইসলাম। চার বছর আগে তিনি বিয়ে করেন। পরিবারে তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে একজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news