৯৯৯-এ ফোনে ঝিকরগাছায় রেললাইনের পাশ থেকে আহত ব্যক্তি উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার কুন্ডিপাড়া ইটভাটার কাছে রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে গোলাম রহমান (৫০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া গোলাম রহমান শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের পানকুরি বাজার এলাকার বাসিন্দা। শার্শা থানার ওসি মো. মারুফ হোসেন জানান, গোলাম রহমানের ভাই আব্দুর রহমান মঙ্গলবার থানায় এসে অভিযোগ করেন যে তার ভাইকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে এবং মোবাইল ফোনে কল করে টাকা দাবি করছে। বিষয়টি তদন্তে এসআই চিরঞ্জিত কাজ শুরু করেন। এসআই চিরঞ্জিত বলেন, যে নম্বর থেকে টাকা চাওয়া হয়েছিল, সেই নম্বরে যোগাযোগ করলে তারা দাবি করে গোলাম রহমান তাদের কাছে টাকা দেন। পরে তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়, যাতে বিষয়টি যাচাই করে সমাধান করা যায়। এরই মধ্যে ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার দুপুরে ঝিকরগাছার কুন্ডিপাড়া এলাকার ধানক্ষেত থেকে আহত অবস্থায় গোলাম রহমানকে উদ্ধার করা হয়। মারধরের কারণে তিনি আহত ছিলেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রহমান জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news