প্রাচীন বাংলার রূপকথায় বহুল পরিচিত ‘প্রাণভোমরা’র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিতব্য এই সিরিজটি প্রচার হবে ওটিটির পর্দা আই স্ক্রিনে।
রূপকথার পরিচিত একটি মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করে সিরিজটির গল্প নির্মাণ করা হয়েছে।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক অদৃশ্য টান, গভীর ভালোবাসা এবং অদ্ভুত এক অনুভূতিকে ঘিরে। প্রাচীন বাংলার রূপকথায় রাক্ষস-খোক্কসের প্রাণ যেমন কোনো এক রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকত, তেমনি ‘প্রাণভোমরা’য় সেই চিরায়ত মিথকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। মানুষের শরীর হয়তো একসময় হারিয়ে যায়, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবারও ফিরে আসতে পারে? এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে দর্শকদের নিয়ে এগিয়ে যাবে সিরিজটির গল্প।
ওয়েব সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। অক্টোবর মাসে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়েব সিরিজটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।
নির্মাণ সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে শোনা ‘প্রাণভোমরা’র গল্পকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই সিরিজে। এখানে সত্যিকারের ভালোবাসাকে একটি প্রাণভোমরার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ভালোবাসা কোথায় লুকিয়ে আছে, কেন তাকে খুঁজে বের করতে হবে এবং ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কেন— গল্পের নানা বাঁকে ধীরে ধীরে উন্মোচিত হবে সেই রহস্য।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment