নাটোরের লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ফুটবল খেলা বন্ধ করতে বেআইনিভাবে ‘১৪৪ ধারা জারি’র মাইকিং করার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলামের সই করা বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলামের অনুমোদন রয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, গত ২৩ আগস্ট মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার জবাব সন্তোষজনক হয়নি। বরং তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি স্বীকার করেছেন। এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম বলেন, বহিষ্কারাদেশের চিঠি মারুফ আলীর কাছে পাঠানো হয়েছে। তবে মারুফ আলী দাবি করেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনি বহিষ্কারাদেশের চিঠি পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার লালপুরের কেশবপুর স্কুল মাঠে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা ছিল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হতে চেয়েছিলেন মারুফ আলী। তবে গ্রামের রীতি অনুযায়ী অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের অতিথি করায় তিনি ক্ষুব্ধ হন।
পরে সকালে মাইক ভাড়া করে মাঠে ‘১৪৪ ধারা জারি’ করা হয়েছে বলে প্রচার করে মাইকিং করান তিনি। মাইকিং শুনে গ্রামের লোকজন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেননি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের নজরে আসে। পরে মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
0 Comments
Your Comment