রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি উপজেলার সিপাইপাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা একটি জালসা ও মাহফিল আয়োজনের বিষয়ে মসজিদে বৈঠকে বসেন। সেখানে প্রধান অতিথি নির্বাচন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পক্ষ জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অন্য পক্ষ নিহত এরশাদ আলীসহ কয়েকজন স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বৈঠক ভেঙে যায়। স্থানীয়দের দাবি, রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর পথরোধ করা হয়। এ সময় প্রতিপক্ষের কয়েকজন তাঁকে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
0 Comments
Your Comment