প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে মিছিল করানো সেই যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করানো সেই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সাদ্দাম মুন্সী উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ও ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। জানা যায়, গত ৬ আগস্ট সকালে দেবিদ্বার উপজেলার ছোটশালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করান সাদ্দাম মুন্সী। মিছিলটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ওই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী পালিয়ে যান। সোমবার দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সাদ্দাম মুন্সী নাশকতার মামলা ছাড়াও চারটি মামলার চার্জশিটভুক্ত আসামি বলে থানা সূত্রে জানা যায়। শিশুরা জানায়, শিঙাড়া ও চকলেট খাওয়ানোর কথা বলে তাদের দিয়ে মিছিল করান সাদ্দাম। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সীর অংশগ্রহণের প্রমাণ পেয়েছি। মিছিল করানোর পর এলাকা ছেড়ে তিনি পালিয়ে যান। সোমবার বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news