প্রার্থী নির্দিষ্ট করে মাঠে জামায়াতে ইসলামী

স্থানীয় সরকার নির্বাচন (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) সামনে রেখে রাজনৈতিক মাঠে আগাম প্রস্তুতির হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিনের জোটগত রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এবার এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এই লক্ষ্যে অনেক আগেই প্রার্থী সুনির্দিষ্ট করে মাঠ পর্যায়ে নামিয়ে দিয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য পদে নারী প্রার্থীরা এখন পুরোদমে মাঠে। ধর্মীয় উৎসবের ছুটি ও সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকারের এই নির্বাচনকে জামায়াত মাঠ পর্যায়ে নিজেদের প্রকৃত জনসমর্থন ও সাংগঠনিক ভিত্তি পরখ করার বড় পরীক্ষা হিসেবে দেখছে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দেশের বড় বড় শহর ও গ্রামীণ জনপদে একক ভোটব্যাংকের সামর্থ্য মূল্যায়ন করাই এ কৌশলের মূল লক্ষ্য। এককভাবে লড়লে মাঠ পর্যায়ে দলের নেতা-কর্মীদের সক্রিয়তা বাড়বে এবং তৃণমূলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, দেশের ১২ সিটি করপোরেশনের প্রতিটিতেই একক মেয়র প্রার্থী দেবে জামায়াত। স্থানীয় শাখাগুলোর পাঠানো তালিকা নিবিড়ভাবে যাচাইবাছাই করে কেন্দ্রীয় কমিটি ১২ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। রাজনৈতিক কৌশল হিসেবে প্রথম ধাপে বেশ কয়েকটি সিটিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম তৃণমূলের কর্মী সমাবেশের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির, সাবেক ছাত্রনেতা আবদুল জব্বার। গাজীপুর সিটি করপোরেশনে হাফিজুর রহমান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর শাখার সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী। ঢাকার দুই সিটির প্রার্থী ঘোষণা না করলেও উত্তর সিটিতে মেয়র প্রার্থী হিসেবে দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েম অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও স্থানীয় জোনাল সমাবেশের মাধ্যমে ভোটারদের সামনে আনা হবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news