ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রজনীকান্ত উচ্চবিদ্যালয় মাঠে পাংশা, বালিয়াকান্দী ও কালুখালী উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
দুপুর থেকেই রাজবাড়ীর পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল ৪টার দিকে রজনীকান্ত উচ্চবিদ্যালয় মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কালুখালী উপজেলা শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। রাজবাড়ীতে আওয়ামী লীগের দোসররা কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, আজকের জনসমাবেশে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মো. রাশেদ আল মাহমুদ তিতুমীরের উপস্থিত থাকার কথা ছিল। রাষ্ট্রীয় প্রয়োজনে তিনি আসতে পারেননি। তবে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। তিনি যখন দেশকে সফলতার দিকে এগিয়ে নিতে কাজ করছেন, তখন নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। রাজবাড়ী একটি শান্তিপূর্ণ জেলা। এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।