হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা

গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া নিয়ে জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যের জন্য হাসনাত ক্ষমা না চাইলে জেলায় এনসিপির কর্মসূচি হতে না দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সমাবেশে বক্তারা বলেন, জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। কিন্তু ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস নয়। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরআগে, বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news